দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়েছে ইসরায়েল। রাজধানী জেরুজালেমসহ মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় যুদ্ধকালীন সতর্কতা সাইরেন বেজে উঠেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, জেরুজালেম ও গুশ দান অঞ্চলের পাশাপাশি মধ্য ইসরায়েলের অধিকাংশ এলাকায় সাইরেন বাজানো হচ্ছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে। ফলে আপাতত কোনো বিমান ইসরায়েলে অবতরণ বা সেখান থেকে উড্ডয়ন করতে পারছে না।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেনের দিক থেকেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।
এর আগে মধ্যরাতে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে হামলা চালায় ইসরায়েল। হামলার আওতায় ছিল তেহরান, তাবরিজ ও ইসফাহান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এসব শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, পশ্চিম ও মধ্য ইরানে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।ৎ
কেএম